Image description

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে এসেছেন সাবেক মার্কিন অধিনায়ক থমাস ডুলি। জাতীয় দলের কোচিং শূন্যতা ঘোচাতে আজ সকালে তিনি ঢাকায় পৌঁছান।

 

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৬৫ বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ খেলোয়াড় ও কোচ- দুই ভূমিকাতেই আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন।

খেলোয়াড় হিসেবে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নেন এবং ১৯৯৮ বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন। তিনি জার্মান বুন্দেসলিগা এবং ইউরোপীয় ক্লাব ফুটবলেও খেলেছেন।

কোচিং ক্যারিয়ারে থমাস ডুলি দীর্ঘ সময় কাজ করেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাবেক কোচ ইউর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে। এরপর তিনি ফিলিপাইন জাতীয় দলকে ইতিহাস গড়তে সহায়তা করেন, যেখানে দলটি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়। পরে তিনি গায়ানা জাতীয় দলের দায়িত্বেও সফলতা পান।

বাফুফে জানিয়েছে, এশিয়ান ফুটবলের বাস্তবতা ও দল গঠনের অভিজ্ঞতা বিবেচনায় ডুলিকে বেছে নেয়া হয়েছে। তার লক্ষ্য হবে তরুণ ফুটবলারদের নিয়ে বাংলাদেশ দলকে আরও প্রতিযোগিতামূলক করা। আগামী দিনগুলোতে তিনি জাতীয় দলের ক্যাম্পে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

আগামী ৫ই জুন ডুলির প্রথম পরীক্ষা। এদিন ডুলির অধীনে বাংলাদেশ খেলবে সান মারিনোর বিপক্ষে। এই প্রীতি ম্যাচে বাংলাদেশ ইউরোপের কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামবে।

উল্লেখ্য, স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার উত্তরসূরি হলেন থমাস ডুলি।