Image description

ক্রিকেট মাঠে আম্পায়ারের সঙ্গে ক্রিকেটারের তর্কের ফলে শাস্তির ঘটনা হরহামেশাই দেখা যায়। তবে এবার আম্পায়ারকে মারার হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি। নেপালের চলমান পিএম কাপে ঘটেছে এমন ঘটনা।

 

মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্পায়ারকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন কারান। এ কারণে নেপালের এই অলরাউন্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

নেপালের পিএম কাপে গত শুক্রবার মুখোমুখি হয়েছিল বাগমাতি ও মাধেশ। এই ম্যাচে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানান বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে। আম্পায়ার ও অধিনায়কের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতেও দেখা যায়।

ম্যাচের পর এই ঘটনার একটি ছবি পোস্ট করে 'ট্রল ক্রিকেট নেপাল' নামের একটি মিম পেজ। সেই পোস্টের নিচে কমেন্ট করেন কারান। তিনি লিখেন, 'কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তখন কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে? এমনিই জিজ্ঞেস করছি। মূলত ক্রিকেটারদের নিরাপত্তা ও জানার জন্য।'

 

এমন মন্তব্যের প্রতিবাদ জানান নেপালের আম্পায়ার ও স্কোরার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ফলে ঘটনাটি চোখে পড়ে সিএনএনের। ইতোমধ্যেই এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কারান। তারপরও শাস্তি পেতেই হচ্ছে তাকে।