লক্ষ্মীপুরে কয়েকজন নারীকে মারধরের ঘটনায় করা মামলায় সম্ভাব্য মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া সোহাগকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আফতাব উদ্দিন লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার মৃত ছিদ্দিক উল্যার ছেলে। তিনি লক্ষ্মীপুর পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মেয়র প্রার্থী হিসেবে তিনি বিলবোর্ড সাঁটিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাহাপুর এলাকার চাঁনগাজী হাওলাদার বাড়ির ইসমাইল হোসেনের সঙ্গে আফতাবের জমি নিয়ে বিরোধ দেখা দেয়।
এসব ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে হামলার ঘটনায় শনিবার দুপুরে ইসমাইলের স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করলে পুলিশ আফতাবকে গ্রেপ্তার করে।
ওই ভিডিওতে দেখা যায়, আফতাব উদ্দিন কয়েকজন নারীকে মারধর করছে। এসময় হামলার শিকার নারীরা তার হাত থেকে রক্ষা পেতে চিৎকার-চেঁচামেচি করতে থাকে।
মামলায় অন্য অভিযুক্তরা হলেন আফতাবের ভাই মাহাতাব, ভাতিজা মো. আবির, ভাবি আরজু আক্তার, মা হালিমা বেগম, তাদের সহযোগী অহিদা আক্তার ও অহিদার ছেলে মো. শাকিল।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে আসামি আফতাবকে বাদী পক্ষের মহিলাদের মারধর করতে দেখা যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রধান আসামি আফতাবকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন।