আন্তর্জাতিক বিরতির আগে টানা ছয় জয়ে দুর্দান্ত ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। তবে বিরতি শেষে যেন তাল কেটে গেল লস ব্লাঙ্কোসদের। লা লিগায় অবনমন অঞ্চলের কাছাকাছি থাকা মায়োর্কার কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেয়েছে তারা।
শনিবার প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো হলেও ম্যাচের ৪১ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। ডানদিক দিয়ে আক্রমণে উঠে পাবলো মাফেও বল বাড়ান মানু মরলান্সকে, আর সেখান থেকেই নিচের কোনায় বল জড়িয়ে এগিয়ে যায় স্বাগতিকরা।
প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি কিলিয়ান এমবাপে। তার নেওয়া অন্তত দুটি শট দারুণ দক্ষতায় ঠেকান মায়োর্কার গোলরক্ষক লিও রোমান।
দ্বিতীয়ার্ধেও রিয়ালের আক্রমণ ছিল ছন্নছাড়া। ৫৯ মিনিটে বদলি হিসেবে নামেন ভিনিসিয়ুস জুনিয়র, কিন্তু তাতেও পরিবর্তন আসেনি খেলায়। শেষদিকে ৮৮ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে সমতায় ফেরান এদের মিলিতাও। কর্নারটি নেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।
তবে যোগ করা সময়েই নাটকীয় মোড় নেয় ম্যাচ। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে কসোভোর ফরোয়ার্ড ভেদাত মুরিকি জয়সূচক গোল করে মায়োর্কাকে ২-১ ব্যবধানে জয় এনে দেন। ফলে সমতা ফেরানোর পরও পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি রিয়াল।
এই হারে লিগ শিরোপার লড়াইয়ে বড় ধাক্কা খেল মাদ্রিদের ক্লাবটি। ৩০ ম্যাচে ২২ জয়, ৩ ড্র ও ৫ হারে তাদের সংগ্রহ ৬৯ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট এগিয়ে রয়েছে। আজ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেলে ব্যবধান আরও বাড়াতে পারবে বার্সা।
অন্যদিকে মৌসুমে অষ্টম জয় পাওয়া মায়োর্কা ৩১ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে। অবনমন অঞ্চল থেকে তারা এখন মাত্র দুই পয়েন্ট দূরে অবস্থান করছে।