আইপিএলের নতুন মৌসুম শুরু হলেও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে শুরু থেকেই মাঠে নামতে পারছেন না দলটির অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক। বাঁহাতি এই পেসার জানিয়েছেন, কাঁধ ও কনুইয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় আপাতত দলের সঙ্গে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
শুরুর ম্যাচগুলোতে না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে নানা আলোচনা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্টার্ক। তিনি জানান, বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে দ্রুতই দলে যোগ দিতে চান।
স্টার্ক বলেন, অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুমে খেলার সময় চোটের মাত্রা পুরোপুরি বোঝা যায়নি। পরে বিষয়টি স্পষ্ট হয়। এ নিয়ে কিছু মন্তব্য ও ভুল তথ্য ছড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দলের শুরুতে থাকতে না পারায় দিল্লির সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই পেসার। তার ভাষায়, এই পরিস্থিতি দলের জন্য সমস্যার কারণ হয়েছে, যা তিনি স্বীকার করেন।
তিনি আরও জানান, দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য প্রয়োজনীয় সবকিছুই করছেন। পুরোপুরি সুস্থ হলেই দিল্লির হয়ে খেলতে নামবেন বলে আশ্বাস দিয়েছেন স্টার্ক।