Image description

নড়াইলে তেল দিতে না পারায় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক ট্রাক চালক সুজাত মোল্যাকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

রোববার (২৯ মার্চ) দুপুরে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে রোববার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক জন গুরুত্ব আহত হন।

 

 

ট্রাকচাপায় নিহত নাহিদ সরদার (৩৩) উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেন না পাম্প ম্যানেজার নাহিদ সরদার। তেলা না পেয়ে ট্রাক চালকের সাথে বাগ্‌বিতণ্ডা হয়। বাগবিতণ্ডের এক পর্যায়ে ট্রাক চালক জহুর ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার হুমকি দেন।

 

পরে রাত দুইটার দিকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লীর যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারি জিহাদ। পাম্প থেকে ১০০ গজ দুরে গেলে পিছন দিয়ে এসে ট্রাক চালক জহুর তার গাড়ি লক্ষ্য করে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সরদার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

ওসি ওলি মিয়া জানান, ট্রাকচাপায় নিহত নাহিদের হত্যাকাণ্ডের ঘটনায় যশোরের বেনাপোল পৌর টার্মিনাল থেকে ট্রাক ও বাঘারপাড়া থেকে ট্রাকচালক সুজাত মোল্যাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।