Image description

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে ‘ফাতেমা ফিলিং স্টেশনে’ দুই পক্ষের ক্রেতাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের তিনজন আহত হয়েছেন।

 

রোববার (২৯ মার্চ) বিকেলে তেল নিতে আসা ক্রেতাদের মধ্যে সিরিয়াল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের সামনেই কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।