Image description

মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের নেওয়া একটি দেরি করে করা রিভিউ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে এই অভিযোগ জমা দিয়েছে পাকিস্তান দল।

পিসিবির অভিযোগ, ম্যাচের শেষ দিকে বাংলাদেশ যে এলবিডব্লিউ রিভিউ নেয়, সেটি নেওয়ার আগে স্টেডিয়ামের বিগ স্ক্রিনে বলের রিপ্লে দেখানো হয়েছিল, যা নিয়মের পরিপন্থী হতে পারে।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ ওভারে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। তখন পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল দুই বলে ১২ রান।

রিশাদ হোসেনের করা ওভারের পঞ্চম বলে শাহীন শাহ আফ্রিদির বিপক্ষে আম্পায়ার প্রথমে ওয়াইড ডাক দেন। পরে সংক্ষিপ্ত আলোচনার পর বাংলাদেশ এলবিডব্লিউর জন্য রিভিউ নেয়।

পাকিস্তানের দাবি, রিভিউ নেওয়ার আগে বড় পর্দায় বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার রিপ্লে দেখানো হয়েছিল, যা দেখে বাংলাদেশ সিদ্ধান্ত নিতে পারে। সাধারণ নিয়ম অনুযায়ী, রিপ্লে দেখানোর আগেই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিতে হয় যাতে তা খেলোয়াড়দের সিদ্ধান্তকে প্রভাবিত না করে।

এছাড়া পিসিবির আরও অভিযোগ, বাংলাদেশ হয়তো নির্ধারিত ১৫ সেকেন্ড সময়সীমার বাইরে গিয়ে রিভিউ নিয়েছে। তবে সম্প্রচারে কোনো টাইমার দেখা যায়নি, তাই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

ডিআরএসে দেখা যায় বল আফ্রিদির ব্যাটের সামান্য অংশে লেগেছিল। ফলে ওয়াইডের সিদ্ধান্ত বাতিল হয়। বাংলাদেশ রিভিউ হারালেও পাকিস্তানের সামনে তখন দাঁড়ায় এক বলে ১২ রানের সমীকরণ।

শেষ বলে বড় শট খেলতে গিয়ে স্টাম্পড হন আফ্রিদি। ফলে ১১ রানে ম্যাচ জিতে সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ।

এখনও স্পষ্ট নয় পিসিবি ম্যাচ রেফারির কাছে ঠিক কী ধরনের পদক্ষেপ আশা করছে। তবে ধারণা করা হচ্ছে, অন্তত ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা বা স্বীকৃতি চাওয়া হচ্ছে।

উল্লেখ্য, সিরিজে এটি দ্বিতীয় বিতর্কিত ঘটনা। দ্বিতীয় ওয়ানডেতে বল ফেরত দেওয়ার সময় ক্রিজের বাইরে থাকায় সালমান আলি আগা রানআউট হন, যা নিয়েও ম্যাচে উত্তেজনা তৈরি হয়েছিল।

সূত্র: জিওসুপার