Image description

ওয়ানডে ক্রিকেটেও শুরু থেকে মেরে খেলতে পছন্দ করেন তানজিদ হাসান। প্রথম পাওয়ারপ্লের সুবিধা কাজে লাগিয়ে যতটা দ্রুত সম্ভব রান তোলার চেষ্টা করেন তিনি। 

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে রেকর্ড ৪১টি ছক্কা মেরে আলোচনায় এসেছিলেন তানজিদ। এবার ওয়ানডের পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি ছক্কা মেরে তিনি আবারো আলোচনায়।

 

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এখন ওয়ানডে ম্যাচের প্রথম ১০ ওভারে ছক্কা মারার সংখ্যায় সবার ওপরে তানজিদ। বাঁহাতি এই ওপেনারের ছক্কা এখন ১৭টি। তিনি ছাড়িয়ে গেছেন লিটন দাসকে। প্রথম পাওয়ারপ্লেতে লিটনের ছক্কা ১৬টি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। ওপনোর তানজিদ এই সংস্করণে প্রথম পাওয়ারপ্লেতে লিটনের চেয়ে ১ ছক্কা কম নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন। 

দ্বিতীয় ও ষষ্ঠ ওভারে পাকিস্তানি পেসার হারিস রউফের বলে দুটি ছক্কা মেরে লিটনকে পেছনে ফেলেছেন তানজিদ। ওয়ানডের প্রথম পাওয়ারপ্লেতে ১৬ ছক্কা মারতে লিটনের খেলতে হয়েছিল ১৪৫১ বল।

সেখানে ১৭ ছক্কা মারতে তানজিদকে খেলতে হলো ৪৮১ বল। 

 

আজ প্রথম পাওয়ারপ্লের পর তানজিদ আরো ৫টি ছক্কা মেরেছেন। ছক্কা মেরেই বালাদেশের জার্সিতে নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেছেন। তার ব্যাটে ভর করেই পাকিস্তানকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার আশায় বাংলাদেশ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ১৯৪।

তানজিদ অপরাজিত ১০৭ রানে। 

 

ওয়ানডের প্রথম পাওয়ারপ্লেতে বাংলাদেশি ব্যাটারের ছক্কা (শীর্ষ ৫)

তানজিদ হাসান ﹥ ১৭ ছক্কা (৪৮১ বল)
লিটন দাস  ১৬ ছক্কা (১৪৫১ বল)
তামিম ইকবাল  ১৫ ছক্কা (৩৩৮৭ বল)
সৌম্য সরকার  ১৪ ছক্কা (১১২৪ বল)
ইমরুল কায়েস  ১১ ছক্কা (৯৪৩ বল)