ভোলার চরফ্যাশনে সরকারি আবাসন প্রকল্পের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন শিশুসহ ৫ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তবে শিশুদের মুচলেকা রেখে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে জাহানপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড, চর হাসিনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাজারীগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মুশফিকুর রহমান বাদী হয়ে শশিভূষণ থানায় এজাহার দিয়েছেন।
আটকরা হলেন- মৃত আব্দুল আলীর ছেলে জামাল (৪৫) এবং মৃত ইদ্রিছ হাওলাদারের ছেলে মো. কালাম (৫৫)। এ সময় চোর চক্রের ২ থেকে ৩ জন পালিয়ে পালিয়ে গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ চর হাসিনা এলাকায় সুবিধাবঞ্চিত ভূমিহীন পরিবারের জন্য সরকারিভাবে আধাপাকা আবাসন তৈরির কাজ চলছে। বিভিন্ন সময় ওই আবাসনের ঘরের টিন, লোহার এ্যাঙ্গেল ও জানালা একটি চক্র চুরি করে নিয়ে যায়। দীর্ঘদিনের চেষ্টার পরও এ ঘটনায় চোর চক্রটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার চোরচক্র চর হাসিনা সরকারি আবাসন (গুছগ্রাম) থেকে ঘরের লোহার এ্যাঙ্গেল ও রড খুলে নিয়ে যায়। এ সময় হাজারীগঞ্জ ৫নং ওয়ার্ডস্থ পাঁচকপাট, মৎসঘাটে মো. শরিফের হোটেলের সামনে নদীর পাড়ে মালামালসহ অবস্থান করছিল চোর চক্র। স্থানীয়রা তাদের দেখে চিৎকার করেন। পরে নৌকায় পালিয়ে যাওয়ার সময় জামাল ও কালামকে আটক করে স্থানীয়রা।
আটক কালাম বলেন, মহিউদ্দিন নামের এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নির্দেশে তারা এ মালামাল বিক্রি করে আসছেন।
শশীভুষন থানার ওসি মো. ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি মালামাল চুরির সময় তিন শিশুসহ ৫ জনকে আটক করে স্থানীয় জনগণ। শিশুদের বয়স একেবারেই কম হওয়ায় তিনজনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।