আসন্ন ঈদে বাড়ি ফেরা নিয়ে ভয়াবহ পরিবহন সংকটে পড়তে যাচ্ছে গাজীপুরের তৈরি পোশাক ও অন্যান্য খাতের ৪৫ থেকে ৫০ লাখ শ্রমিক।
যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, উত্তরবঙ্গগামী গণপরিবহণের তীব্র সংকটের কারণে এবারের ঈদযাত্রা এই বিশাল জনগোষ্ঠীর জন্য দুঃস্বপ্নে পরিণত হতে পারে।
রোববার (১৫ মার্চ) এক পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা থেকে গাজীপুর হয়ে উত্তরাঞ্চলগামী সব বাসের টিকিট ঢাকায় বিক্রি শেষ হয়ে যাওয়ায়, গাজীপুরের চন্দ্রায় অবস্থিত এসব বাসের কাউন্টারগুলোতে কোনো টিকিট বরাদ্দ থাকে না। এই অজুহাতে সম্প্রতি পুলিশ চন্দ্রার সব উত্তরবঙ্গগামী বাস কাউন্টার তুলে দিয়েছে, যা শ্রমিকদের জন্য দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে, গাজীপুর থেকে দেশের উত্তরাঞ্চলের কোনো বাস-সার্ভিস গড়ে না ওঠায়, আশুলিয়া ইপিজেড, চন্দ্রা, বাইপাইলসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে ২০/৩০ জনে মিলে কেউ ট্রাক-পিকআপ, কেউ ঢাকা মহানগরীতে চলাচলকারী লক্কড়-ঝক্কর সিটি সার্ভিসের বাস-মিনিবাস রিজার্ভ করে বাড়ি ফেরার ব্যবস্থা করেন।
সংগঠনটি আরও জানান, গণপরিবহণ সংকট, অতিরিক্ত ভাড়া আদায়সহ নানান ভোগান্তি এড়াতে এবারের ঈদে ঢাকা থেকে ২২ লাখের বেশি পরিবার জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে ঈদে গ্রামের বাড়ি যাবে। ফলে এবারের ঈদেও সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে।
এমন পরিস্থিতিতে গাজীপুরে শ্রমিকদের জন্য জরুরিভিত্তিতে অন্ততপক্ষে ৫০০ বিআরটিসি ও ৫০০ অন্যান্য বেসরকারি কোম্পানির বাস বরাদ্দের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
সময়ের আলো