টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম খেলতে এসেছে ইতালি। নেপালকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে জয়েরও দেখা পেয়েছে তারা। স্বপ্নের বিশ্বকাপে আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইতালি। সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে আজ হারলেও ইতালি যে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে, তা প্রশংসা কুড়ানোর মতোই। এর আগে নেপালের বিপক্ষে জয় তুলে নিতে ঘাম ঝরাতে হয়েছে ইংল্যান্ডকে। এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঘাম ঝরাতে বাধ্য করল সহযোগী সদস্য দেশ ইতালি। সুপার এইটের আগে যা ইংলিশদের জন্য দুশ্চিন্তার কারণই বটে।
ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০২ রানের পাহাড় জড়ো করে ইংল্যান্ড। দলের পক্ষে একমাত্র অর্ধশতক হাঁকান উইল জ্যাকস। ২২ বলের মোকাবেলায় ৫৩ রান করে অপরাজিত থাকার পথে হাঁকান তিনটি চার ও চারটি ছক্কা। এছাড়া টম ব্যান্টন ২১ বলে ৩০, ফিল সল্ট ১৫ বলে ২৮ ও স্যাম কারান ১৯ বলে ২৫ রান করেন। ইতালির পক্ষে গ্র্যান্ট স্টুয়ার্ট ও ক্রিশান কালুগামাগে পান দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে দলীয় ১ রানে অ্যানথনি মোস্কা ও জেজে স্মাটসকে হারিয়ে ফেলে ইতালি। অধিনায়ক হ্যারি মানেতিও সুবিধা করতে পারেননি। তবে ওপেনার জাস্টিন মোস্কাকে নিয়ে হাল ধরেন বেন মানেতি।
দলীয় ২২ রানে তৃতীয় উইকেট হারানোর পর ৯২ রানের জুটি গড়েন বেন মানেতি ও জাস্টিন মোস্কা। জাস্টিন ৩৪ বলে ৪৩ রান করে বিদায় নিলেও বেন তুলে নেন অর্ধশতক। ২৫ বলে ৬০ রান করার পথে চার হাঁকান চারটি, ছক্কা ছয়টি।
এছাড়া গ্র্যান্ট স্টেওয়ার্টের ২৩ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস পথ দেখায় ইতালিকে। একসময় মনে হচ্ছিল টপকেই যাবে ইংল্যান্ডের রানের পাহাড়। তবে শেষপর্যন্ত আশা জাগিয়েও জয়হীন থেকেই মাঠ ছাড়ে ইতালি, ২৪ রানের ব্যবধানে ইংল্যান্ড পায় টানা চতুর্থ জয়।