Image description

রঞ্জি ট্রফিতে নজর কাড়ার পর ২০২৫ আইপিএলেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন বৈভব সূর্যবংশী। ভারতের অনূর্ধ্ব–১৯ দলের হয়েও ধারাবাহিক পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই কিশোর ব্যাটার এবার বয়সভিত্তিক বিশ্বকাপের ফাইনালে খেললেন এক ঐতিহাসিক ইনিংস।

হারারের স্পোর্টস ক্লাব মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করতে নেমেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় সূর্যবংশীকে। ইনিংসের শুরু থেকেই ইংলিশ বোলারদের ওপর চড়াও হয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। লুমসডেনের করা ২৬তম ওভারে আউট হওয়ার আগে সূর্যবংশীর ব্যাট থেকে আসে ১৭৫ রান। ৮০ বলের এই ঝকঝকে ইনিংসে ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কা। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ফাইনালে এই প্রথম কোনো ব্যাটার দেড়শ রানের মাইলফলক স্পর্শ করলেন।

দলীয় ২০ রানে অ্যারন জর্জ ফিরে গেলে দ্বিতীয় উইকেটে আয়ুশ মাত্রের সঙ্গে ১৫২ রানের বড় জুটি গড়েন সূর্যবংশী। এরপর তৃতীয় উইকেটেও যোগ করেন আরও ৯৯ রান, যা ভারতের ইনিংসকে শক্ত ভিত দেয়।

এই টুর্নামেন্টে সূর্যবংশী গড়েছেন আরেকটি অনন্য রেকর্ড। এক আসরের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে সর্বোচ্চ ৩০টি ছক্কা এখন তার দখলে। ফাইনালের আগেই তার ব্যাট থেকে আসে ১৫টি ছক্কা। আগে এই রেকর্ড ছিল ২০২২ বিশ্বকাপে ১৮ ছক্কা মারা দক্ষিণ আফ্রিকার দেওয়াল্ড ব্রেভিসের।

চলতি বিশ্বকাপজুড়েই ধারাবাহিক ছিলেন সূর্যবংশী। বাংলাদেশের বিপক্ষে ৬৭ বলে করেন ৭২ রান, সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ৩৩ বলে ৬৮। জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বলে ফিফটি ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ বলে ৪০ এবং পাকিস্তানের বিপক্ষে করেন ৩০ রান।