বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চীনের বিশ্ববিদ্যালয়টির ১৪ সদস্যের একটি দল বিকেএসপিতে এসে পৌঁছেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো: আশরাফুজ্জামান এ তথ্য জানান।
বিকেএসপিতে আগত দলটিকে স্বাগত জানান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সাইফ উল্লাহ। এ সময় তিনি চীনা প্রতিনিধি দলের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
চীনা প্রতিনিধি দলে রয়েছেন ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, দুইজন প্রশিক্ষক ও একজন দোভাষী। সমঝোতা স্মারকের আওতায় আয়োজিত দুই সপ্তাহব্যাপী এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ইউইনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ১১ জন প্রশিক্ষণার্থীকে ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ দিবেন।
অন্যদিকে, চীনা বিশ্ববিদ্যালয় থেকে আগত দুইজন তাইচি প্রশিক্ষক বিকেএসপির উশু বিভাগের প্রশিক্ষণার্থীদের তাইচি বিষয়ে প্রশিক্ষণ দিবেন। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও কোচদের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।
বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রাম দুই দেশের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতাকে আরো শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।