রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তার সুযোগ নিতে প্রস্তুত আর্সেনাল। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ব্রাজিলিয়ান উইঙ্গারের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর থাকায় পরিস্থিতির ওপর নজর রাখছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। প্রয়োজনে তাকে দলে ভেড়াতে নিজেদের প্রচলিত বেতন কাঠামোও ভাঙতে রাজি গানাররা।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসের মতো একজন খেলোয়াড়কে দলে আনতে বিপুল অঙ্কের ব্যয় মেনে নিয়েছে আর্সেনালের মালিকপক্ষ ও ক্লাব পরিচালনা পর্ষদ।
তবে ভিনিসিয়ুসের সঙ্গে এখনো আর্সেনালের ব্যক্তিগত চুক্তি হয়নি। যদিও প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন না হলে ব্যক্তিগত শর্তে সমঝোতা করতে বড় কোনো সমস্যা হবে না। তাই উত্তর লন্ডনে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রতিবেদনে আরও বলা হয়, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন না হলে আর্সেনালে যোগ দেওয়ার বিষয়টি ভিনিসিয়ুসের কাছে আকর্ষণীয়। তিনি যদি আর্সেনালে যেতে চান তাহলে ব্যক্তিগত শর্তে সমঝোতা হওয়া প্রত্যাশিত।’
রিয়ালে চুক্তি নবায়নে মূল জট তৈরি হয়েছে ভিনিসিয়ুসের আর্থিক দাবিকে ঘিরে। তিনি বছরে প্রায় ৩ কোটি ইউরো সমমূল্যের একটি প্যাকেজ চান যেখানে থাকবে মূল বেতন, পারফরম্যান্সভিত্তিক বোনাস এবং বড় অঙ্কের নবায়ন বোনাস।
এই দাবির পেছনে রয়েছে সতীর্থ কিলিয়ান এমবাপ্পের পারিশ্রমিকের বিষয়টি। তবে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুসের এই দাবি মেনে নিতে অনাগ্রহী। ক্লাবটির আশঙ্কা, এমন নজির তৈরি হলে ভবিষ্যতে অন্য তারকাদের চুক্তি নবায়নের ক্ষেত্রেও একই ধরনের দাবি উঠবে যা তাদের নির্ধারিত বেতন কাঠামোর ওপর বড় চাপ তৈরি করবে।
আগামী সপ্তাহে ভিনিসিয়ুস, তার প্রতিনিধিদের এবং রিয়াল মাদ্রিদের কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই তার ভবিষ্যৎ অনেকটাই নির্ধারিত হতে পারে।
তবে রিয়ালের জন্য ইতিবাচক দিক হলো সমঝোতার স্বার্থে নিজের প্রাথমিক আর্থিক দাবি কিছুটা কমাতেও নাকি রাজি আছেন ভিনিসিয়ুস। কিন্তু আলোচনা ব্যর্থ হলে সুযোগ কাজে লাগাতে প্রস্তুত থাকবে আর্সেনাল।