Image description

প্রথম টেস্টে নেই, পরেরটাতেও খেলা নিশ্চিত নয়। লিটন কুমার দাসকে নিয়ে এতদিন এমন অবস্থানই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনজুরি কাটিয়ে ওঠা এই উইকেটকিপার-ব্যাটারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি; গত এক সপ্তাহে লিটনের পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতির পরই তাকে দলে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত এক সপ্তাহে লিটনের পুনর্বাসন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় মেডিকেল বিভাগ, নির্বাচক ও বোর্ড সম্মিলিতভাবে তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শাহরিয়ার নাফীস বলেন, ‘২৬ জুলাই পর্যন্ত লিটনের ফিজিক্যাল কন্ডিশন সন্তোষজনক ছিল না। কিন্তু গত সাত দিনে ওর রিকভারি খুব ভালো হয়েছে। মেডিকেল বিভাগ, নির্বাচক ও বোর্ড মনে করেছে সামনে আরও দ্রুত উন্নতি সম্ভব।’

 

 

নাফিস জানান, এখনও লিটনের পুনর্বাসনের কিছু অংশ বাকি রয়েছে। সেই প্রক্রিয়া অস্ট্রেলিয়াতেই সম্পন্ন হবে। সেখানে ফিটনেস পরীক্ষা পাস করতে পারলে প্রথম টেস্টেই খেলতে পারবেন তিনি। অন্যথায় দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শাহরিয়ার বলেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে ওর বাকি রিহ্যাব হবে। এরপর ফিটনেস টেস্ট হবে। যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে প্রথম টেস্টের জন্য বিবেচনায় থাকবে। না হলে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা থাকবে।’

লিটনের ইনজুরি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই বলেও জানান নাফিস। তার মতে, ইনজুরির ধরন শুরু থেকেই পরিষ্কার ছিল। কেবল প্রত্যাশিত সময়ের মধ্যে রিকভারি হয়নি। তবে সাম্প্রতিক উন্নতিতে মেডিকেল টিম সন্তুষ্ট।

 

 

তিনি বলেন, ‘ইনজুরিটা অদ্ভুত কিছু ছিল না। আমরা সব সময় জানতাম সমস্যা কোথায়। শুধু রিকভারি প্রত্যাশিত সময়ের মধ্যে হয়নি। কিন্তু গত সাত দিনের অগ্রগতি আমাদের আত্মবিশ্বাস দিয়েছে যে এখন সে সফর করার মতো অবস্থায় আছে।’