Image description

নিউ জার্সির মাঠজুড়ে তখন লাল জার্সিধারীদের গগনবিদারি উল্লাস, আর অন্যপ্রান্তে মাঠের ওপর ভেঙে পড়ে আছেন আকাশি-সাদা শিবিরের ফুটবলারেরা।

ফুটবল বিশ্বকাপের সেই মহারণে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে স্তব্ধ করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখল স্পেন।

১২০ মিনিটের মাঠের লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বোতলবন্দি করে অতিরিক্ত সময়ের মহানাটকীয় গোলে সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

নির্ধারিত ৯০ মিনিটে স্প্যানিশদের একের পর এক আক্রমণ সামলে আর্জেন্টিনা ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

ম্যাচের ১০৬ মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের সেই জাদুকরী শট আর্জেন্টিনার জাল কাঁপাতেই নিশ্চিত হয়ে যায় ২০১০ সালের পর স্পেনের দ্বিতীয় বিশ্বজয়।

স্পেনের এই ঐতিহাসিক ও গৌরবময় জয়ে বিশ্বনেতাদের পক্ষ থেকেও আসছে শুভকামনা। স্প্যানিশদের এই মহাকাব্যিক জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়ে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

নিজের অফিসিয়াল ফেসবুক স্ট্যাটাসে তুর্কি প্রেসিডেন্ট লেখেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়নশিপ অর্জনের জন্য আমি স্প্যানিশ জাতীয় দলকে আমার হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি আমার দেশ ও আমার জাতির পক্ষ থেকে আমার প্রিয় স্প্যানিশ জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং স্নেহ পাঠাচ্ছি।’

মেসির উত্তরসূরিদের কাঁদিয়ে স্পেনের এই বিশ্বজয় ফুটবল বিশ্বকে আরও একবার মনে করিয়ে দিল, মাঠের কৌশলে লুইস দে লা ফুয়েন্তের বর্তমান দলটি কতটা নিখুঁত ও অপ্রতিরোধ্য।