স্পেনের বিশ্বকাপ জয়ের ছন্দ তৈরি হয়েছিল মাঝমাঠে। আর সেই ছন্দের প্রধান নিয়ন্ত্রক রদ্রি পেলেন আসরের সর্বোচ্চ ব্যক্তিগত স্বীকৃতি। ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক।
নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচশেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রদ্রির হাতে তুলে দেওয়া হয় গোল্ডেন বল।
পুরো প্রতিযোগিতায় স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণ ছিল ৩০ বছর বয়সী এই ফুটবলারের হাতে। রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য রাখা, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া এবং বলের গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
ফাইনালেও আর্জেন্টিনার মাঝমাঠকে নিষ্ক্রিয় করে রাখার পেছনে বড় অবদান ছিল রদ্রির। তার নেতৃত্বে নির্ধারিত সময়ে ১৫টি শট নেয় স্পেন, বিপরীতে কোনো শটই নিতে পারেনি আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের ৯৯ মিনিটে মার্টিন জুবিমেন্দির জায়গা করে দিয়ে মাঠ ছাড়েন তিনি।
ফাইনালের আগেই ৬৪৮টি সফল পাস দিয়ে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পাস সম্পন্ন করার রেকর্ড গড়েছিলেন রদ্রি। আগের রেকর্ডটিও ছিল তার। ২০২২ কাতার বিশ্বকাপে ৬৩৮টি পাস সম্পন্ন করেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। ফিফা
স্পেন পুরো আসরে মাত্র একটি গোল হজম করেছে। প্রতিপক্ষের আক্রমণের সামনে প্রথম বাধা হয়ে দাঁড়ানোর পাশাপাশি দলের খেলার গতি ঠিক রাখায় রদ্রির ভূমিকা তাঁকে অন্যদের চেয়ে এগিয়ে দেয়।
বিশ্বকাপের গোল্ডেন বল জেতা প্রথম স্প্যানিশ ফুটবলারও হলেন রদ্রি। একই সঙ্গে লিওনেল মেসির টানা দ্বিতীয়বার এবং রেকর্ড তৃতীয়বার পুরস্কারটি জেতার সম্ভাবনারও সমাপ্তি ঘটল। এর আগে ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন মেসি।