একটি সংখ্যা যেন লামিন ইয়ামালের বিশ্বকাপ জয়ের গল্পের সঙ্গে অদ্ভুতভাবে মিশে গেল। বয়স ১৯ বছর, স্পেনের হয়ে জার্সি নম্বর ১৯, আর বিশ্বকাপ জয়ের তারিখও ১৯ জুলাই।
বিশ্বকাপ ফাইনালের মাত্র ছয় দিন আগে, ১৩ জুলাই ১৯তম জন্মদিন পালন করেন ইয়ামাল। সেদিন তার একটাই চাওয়া ছিল, সতীর্থদের নিয়ে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপে টিকে থাকা। সেই ইচ্ছা শুধু পূরণই হয়নি, দিনটি তার হাতে তুলে দিয়েছে বিশ্বকাপ ট্রফিও।
নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে স্পেন। শুরুর একাদশে থাকা ইয়ামাল পুরো ম্যাচেই আর্জেন্টিনার রক্ষণকে ব্যস্ত রেখেছিলেন।
পঞ্চম মিনিটেই তার শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস। নির্ধারিত সময়ের শেষদিকে ইয়ামালের বাঁকানো ফ্রি কিকও অসাধারণভাবে ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। ফাইনালে গোল কিংবা সহায়তা না পেলেও স্পেনের আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন বার্সেলোনার এই তরুণ।
ক্লাব বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরলেও জাতীয় দলের হয়ে নিজের পরিচিত ১৯ নম্বর জার্সিটিই ধরে রেখেছিলেন ইয়ামাল। এই জার্সিতে দুই বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার পর এবার বিশ্বকাপও নিজের করে নিলেন তিনি।
এবারের আসরে গোল করে ১৯৫৮ সালের পেলের পর বিশ্বকাপে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও হয়েছিলেন ইয়ামাল। এবার কিশোর বয়সেই বিশ্বচ্যাম্পিয়নদের সংক্ষিপ্ত তালিকায় নাম লেখালেন স্পেনের নতুন প্রজন্মের সবচেয়ে বড় তারকা।
বয়স ১৯, জার্সি ১৯ এবং তারিখ ১৯। তিনটি ১৯ মিলিয়ে ইয়ামালের ফুটবল জীবনে যোগ হলো সবচেয়ে বড় অর্জন।