Image description

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ফাইনালে ওঠার এই মহারণের আগে দলে কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। চোট ও নিষেধাজ্ঞার কারণে কিছু খেলোয়াড়কে পাচ্ছে না ইংলিশরা। তবে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন কোচ টমাস টুখেল। 

 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার জারেল কোয়ানসা। অন্যদিকে, হাত ভেঙে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।

চোট-সংক্রান্ত কিছু দুশ্চিন্তা থাকলেও দলের মূল তারকাদের নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন টুখেল। আক্রমণভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক হ্যারি কেইন। ননি মাদুইকে শুরুর একাদশে নাও থাকতে পারেন। তার বদলে অভিজ্ঞ বুকায়ো সাকার ওপরই আস্থা রাখার সম্ভাবনা বেশি।

তরুণ অ্যান্থনি গর্ডনও শুরুর একাদশে সুযোগ পেতে পারেন। মাঝমাঠে এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস ও জুড বেলিংহামের সমন্বয়ে গড়ে উঠতে পারে শক্তিশালী ত্রয়ী। শারীরিক সক্ষমতা, কারিগরি দক্ষতা ও কৌশলগত দিক থেকে এই তিন মিডফিল্ডার ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
জর্ডান পিকফোর্ড; রিস জেমস, এজরি কনসা, মার্ক গেহি, ও'রাইলি; এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহাম; বুকায়ো সাকা, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন।