বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেনের ফাইনাল নিশ্চিত করার ম্যাচে অনেকের নজর কেড়েছেন তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। তবে শুধু তার পায়ের জাদুই নয়, ম্যাচজুড়ে আলোচনা চলেছে বার্সেলোনার এই তারকা উইঙ্গারের মাথার বিশেষ হেডব্যান্ডটি নিয়ে। স্প্যানিশ এই স্ট্রাইকারের হেডব্যান্ডে একটি বিশেষ কোড বা সংখ্যা লেখা ছিল। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে—কী লুকিয়ে আছে এই সংখ্যার পেছনে?
ইয়ামালের হেডব্যান্ডে প্রিন্ট করা সংখ্যাটি ছিল ‘০৮৩০৪’। এটি মূলত স্পেনের মাতারো শহরের রোকাফোন্ডা এলাকার পোস্টাল কোড। বার্সেলোনা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এই রোকাফোন্ডা এলাকাতেই জন্ম ও বেড়ে ওঠা ইয়ামালের। মাত্র ১০ হাজার বাসিন্দার এই অঞ্চলটি মূলত বেশ দরিদ্র ও সাধারণ একটি এলাকা হিসেবে পরিচিত। আর বিশ্বমঞ্চে নিজের সেই অবহেলিত জন্মস্থানকে গর্বের সঙ্গে তুলে ধরতেই ইয়ামাল এই কোডটি বেছে নিয়েছেন।
নিজের শিকড় বা জন্মস্থানকে এভাবে দুনিয়ার সামনে তুলে ধরার ঘটনা ইয়ামালের জন্য এবারই প্রথম নয়। এর আগেও গোল উদযাপনের সময় দুই হাতের আঙুল দিয়ে তিনি প্রায়ই ‘৩০৪’ সংখ্যাটি তৈরি করে দেখাতেন, যা তার এলাকার পোস্টাল কোডের শেষ তিনটি সংখ্যা। এমনকি এর আগের একটি ম্যাচে নিজের আর্মব্যান্ডে সরাসরি জন্মস্থানের নামও লিখে রেখেছিলেন তিনি।
জন্মস্থানের পাশাপাশি ইয়ামালের পোশাকে দেখা গেছে তার ফুটবল দর্শনের এক ঝলকও। অন্য একটি ম্যাচে তাকে ‘Ego Yamal’ (ইগো ইয়ামাল) লেখা ব্যবহার করতে দেখা গিয়েছিল, যা মূলত জনপ্রিয় জাপানি ফুটবল অ্যানিমে সিরিজ ‘ব্লু লক’ থেকে নেওয়া। এই অ্যানিমেটির মূল ভাবনাই হলো—বিশ্বের সেরা খেলোয়াড় হয়ে উঠতে হলে একজন স্ট্রাইকারের ভেতর ‘ইতিবাচক অহংবোধ’ বা নিজের সামর্থ্যের প্রতি অন্ধ বিশ্বাস থাকা জরুরি। মাঠের আত্মবিশ্বাসী ইয়ামাল যেন প্রতিনিয়ত সেই মন্ত্রেরই প্রতিফলন ঘটাচ্ছেন।
ফ্রান্সের বিপক্ষে ফাইনাল নিশ্চিতের মহাগুরুত্বপূর্ণ জয়ে মাঠের পারফরম্যান্সেও বড় অবদান রেখেছেন লামিন ইয়ামাল। ম্যাচের প্রথমার্ধে ফরাসি ডিফেন্ডার লুকা দিনিয়ের কাছ থেকে দুর্দান্ত এক পেনাল্টি আদায় করে নেন এই ১৮ বছর বয়সী উইঙ্গার। স্পট কিক থেকে নিখুঁত শটে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দিতে কোনো ভুল করেননি মিকেল ওয়ারসাবাল। এরপর দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর চোখ ধাঁধানো গোল স্পেনের ২-০ ব্যবধানের জয় এবং ফাইনালের টিকিট নিশ্চিত করে।
সেমিফাইনালের বাধা পেরিয়ে স্প্যানিশরা এখন বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার অপেক্ষায়। তবে ফাইনালে তাদের প্রতিপক্ষের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘন্টা। আজ আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় অন্য সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই লাতিন ও ইউরোপিয়ান দ্বৈরথের বিজয়ীর বিপক্ষেই শিরোপা নির্ধারণী মঞ্চে লড়বে স্পেন।