Image description

এমন পাগলাটে ম্যাচের পর আবেগ ধরে রাখাটা কঠিন ছিল। দারুণ এক লড়াই শেষে আর্জেন্টিনার কাছে হার মানতে হয়েছে মিসরকে। দলের এমন বিদায় যেন কিছুতেই মানতে পারছিলেন না কোচ হোসাম হাসান। ম্যাচের পর টানেলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দিকেও তেড়েফুঁড়ে গিয়েছিলেন তিনি!

২-০ গোলে এগিয়ে ছিল মিসর। তবে শেষ ১৩ মিনিটের নাটকীয় এক ঝড়ে বদলে যায় সবকিছু। ৩-২ গোলের রূপকথার এক জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে মেসিরা।

ম্যাচের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত একেবারেই মানতে পারেনি মিসর। রেফারি ও ম্যাচ অফিশিয়ালসদের সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ডও দেখেছেন হোসামের সহকারী। লিওনেল মেসি যখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, তখন তাকেও গালিগালাজ করা হয়।

শেষ বাঁশি বাজলে নিজেদের ক্ষোভটা কোনভাবেই চেপে রাখতে পারেনি মিসর। এদিকে গ্যালারিতে ইসরায়েলের পতাকা ওড়ানো এক আর্জেন্টাইন ভক্তের দিকে তার জার্সির লোগোটি দেখিয়ে প্রতিক্রিয়া জানান।

একই সঙ্গে একজন আলোকচিত্রীর দিকেও হুমকিস্বরূপ তেড়ে যান হোসাম এবং মাঠের কর্মকর্তাদের সাথে তর্ক চালিয়ে যেতে থাকেন। এভাবেই দলের স্টাফের অন্য সদস্যদের সাথে চরম ক্ষোভ নিয়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যান।

সেখানেই তিনি মুখোমুখি হন স্কালোনির। টুইটারের এক ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে ফেরার পথে স্কালোনির সঙ্গে দেখা হয়ে যায় হোসামের। সেই সময় স্কালোনির দিকে তেড়েফুঁড়ে যান মিসর কোচ। উচ্চ আওয়াজে কিছু একটা বলেন। স্কালোনিও এর জবাব দেবেন, সবাই এমনটাই ভেবেছিলেন।

তবে স্কালোনি হোসামের এসব কথার কোন জবাবই দেননি। স্বাভাবিকভাবেই নিজেদের ড্রেসিংরুমে ফিরে যান স্কালোনি।  এই সময় স্কালোনির পিছু নিয়েছিলেন কিছু মিসর কোচিং স্টাফ।

শেষ পর্যন্ত কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুই দলের কোচ যার যার ড্রেসিংরুমে পৌঁছান।