বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে ১,০০০টি ফুটবল হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার এইচ. ই. ইমরান হায়দার বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালের কাছে আনুষ্ঠানিকভাবে এই ফুটবলগুলো তুলে দেন। পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া এই ১,০০০ ফুটবল দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের দীর্ঘমেয়াদি বিকাশের জন্য বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হবে বলে বাফুফে সূত্রে জানানো হয়েছে।
ফুটবল হস্তান্তর অনুষ্ঠানের আগে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের দুটি অংশের অংশগ্রহণে একটি আকর্ষণীয় প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার মাঠে উপস্থিত থেকে পুরো ম্যাচটি উপভোগ করেন এবং কিশোরী ফুটবলারদের ক্রীড়াশৈলীর প্রশংসা করেন।
হস্তান্তরকালে উভয় পক্ষই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রীড়া সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করেন, ফুটবল দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তৃণমূলের ফুটবলারদের স্বপ্ন পূরণে এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা ইতিবাচক অবদান রাখবে।
তৃণমূলের ফুটবলের প্রসারে এই চমৎকার উদ্যোগের জন্য পাকিস্তান হাইকমিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাফুফে সভাপতি জনাব তাবিথ আউয়াল। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অংশীদারদের এই ধরনের আন্তরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক দেশের ফুটবলের সামগ্রিক উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও দুই দেশের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে এই ধরনের সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আজকের এই বিশেষ কূটনৈতিক ও ক্রীড়া অনুষ্ঠানে পাকিস্তান হাইকমিশনের পক্ষে হাইকমিশনার ইমরান হায়দার ছাড়াও উপস্থিত ছিলেন— ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ আসিফ, প্রেস কাউন্সেলর মিস্টার শাহিদুল্লাহ এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচে জেন আজিজ।
অপরদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন—সহ-সভাপতি মো. সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম, নির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন, মো. মঞ্জুরুল করিম, জাকির হোসেন চৌধুরী এবং মাহফুজা আক্তার কিরণসহ বাফুফের অন্যান্য পদস্থ কর্মকর্তারা।
এর আগে রবিবার (২১ জুন) বাংলাদেশের সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য এক হাজার ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। ঢাকায় পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, শিক্ষা ও ক্রীড়া খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সাক্ষাৎকালে তিনি এই উপহারের বিষয়টি জানিয়েছিলেন।