Image description

গুগল ওয়েদারে দেখানো হচ্ছে, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এই মুহূর্তে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস; কিন্তু অনভূত হচ্ছে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। এই পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

 

তীব্র দাবদাহের মধ্যেই আগামীকাল স্থানীয় সময় বিকেলে (বাংলাদেশ সময় রবিবার রাত ৩টা) মুখোমুখি হওয়ার কথা ফ্রান্স-প্যারাগুয়ের। তবে আবহাওয়া নিয়ে বড় ধরনের উদ্বেগ দেখা দেওয়ায় বিশ্বকাপের শেষ ষোলো পর্বের ম্যাচটি স্থগিত করার দাবি উঠেছে। 

ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো এবং ক্রীড়া বিজ্ঞানীদের পক্ষ থেকে ম্যাচের সময়সূচি বদলানোর জন্য ফিফাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলাকালে তাপমাত্রা ৩৭ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

ম্যাচটি হওয়ার কথা ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে, যেটি একটি ছাদবিহীন স্টেডিয়াম। তাই সরাসরি রোদ ও উচ্চ আর্দ্রতা খেলোয়াড়, কোচ, রেফারি এবং দর্শকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

 

বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে দৌড়ঝাঁপ করলে হিট স্ট্রোক, পানিশূন্যতা, এমনকি প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত গরমের কারণে খেলোয়াড়দের স্বাভাবিক খেলায় ব্যাঘাত ঘটতে পারে, যা ম্যাচের ফলেও প্রভাব ফেলতে পারে।

 

বর্তমান নির্দেশিকা অনুযায়ী, ওয়েট-বাল্ব তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে ম্যাচ স্থগিত করার সুযোগ রয়েছে। আগামীকালের ম্যাচে সেই সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকায় ফিফার ওপর চাপ বাড়ছে।

তবে ফিফা জানিয়েছে, দর্শক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তায় তারা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। স্টেডিয়ামের বাইরে কুলিং টেন্ট, পর্যাপ্ত পানির ব্যবস্থা এবং ম্যাচ চলাকালে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক রাখা হবে। যদিও বিশেষজ্ঞদের মতে, এসব ব্যবস্থা তীব্র গরমের কবল থেকে সবাইকে সুরক্ষা দিতে যথেষ্ট নয়।

 

যুক্তরাষ্ট্রজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ এরই মধ্যে বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালের সময়সূচিতেও পরিবর্তন আনতে বাধ্য করেছে। আবহাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকলে আরো কয়েকটি ম্যাচ একই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে আশঙ্কা করা হচ্ছে।