চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ধর্মীয় বিধান অনুসরণ করে ৪ঠা জুলাই রাতে পরীক্ষায় অংশ নেবে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের দুই শিক্ষার্থী। সারা দেশে এ বিশেষ ব্যবস্থার আওতায় মোট ১৬০ জন পরীক্ষার্থী রাতে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছে। ২রা জুলাই শুরু হওয়া এইচএসসি পরীক্ষা আগামী ৮ই আগস্ট পর্যন্ত চলবে। চলতি পরীক্ষা সূচিতে মোট ৬টি শনিবার পরীক্ষা রয়েছে। এসব দিনে ধর্মীয় বিশ্বাসের কারণে দিনের বেলায় পরীক্ষা দিতে না পারা সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় সূর্যাস্তের পর পরীক্ষা নেয়া হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বোর্ডে এ সুবিধা পাচ্ছে দুইজন পরীক্ষার্থী। তাদের একজন নগরের হালিশহর ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী এঞ্জেলি সুয়ারি ত্রিপুরা এবং বান্দরবান জেলার একজন পরীক্ষার্থী।
শনিবার বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার দিন অন্য সব পরীক্ষার্থীর মতো সকাল সাড়ে ৯টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে তাদের। তবে ধর্মীয় বিধিনিষেধের কারণে দিনের বেলায় পরীক্ষায় অংশ নেবে না। কেন্দ্রে নির্ধারিত একটি কক্ষে সারাদিন অবস্থান করার পর সূর্যাস্তের পর সন্ধ্যায় তাদের উত্তরপত্র দেয়া হবে এবং তখন থেকেই পরীক্ষা শুরু হবে। রাত ১০টায় পরীক্ষা শেষ হবে।
শিক্ষা বোর্ডের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পর প্রবেশপত্র ছাড়া তাদের কাছে অন্য কোনো সামগ্রী রাখা যাবে না। সারাদিন কেন্দ্রের নির্ধারিত কক্ষেই অবস্থান করতে হবে এবং কোনো অবস্থাতেই বাইরে যাওয়া বা কারও সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে না। পুরো সময় একজন পরিদর্শক দায়িত্ব পালন করবেন। পরীক্ষার্থীরা প্রয়োজনীয় শুকনো খাবার সঙ্গে আনতে পারবেন। বৃহস্পতিবার শুরু হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) চলবে ৪ঠা আগস্ট পর্যন্ত। এই সময়ে ছয়টি শনিবার পরীক্ষা হবে।
এর মধ্যে আগামী শনিবার হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৮ই জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক), ১৮ই জুলাই ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ২৫শে জুলাই অর্থনীতি দ্বিতীয় পত্র, ১লা আগস্ট মনোবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র ও কৃষি (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র এবং ৮ই আগস্ট ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র ও শিশু বিকাশ দ্বিতীয় পত্র। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ধর্মীয় বিধানকে সম্মান জানিয়ে দুই শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তারা নিয়ম অনুযায়ী শনিবার রাতে পরীক্ষায় অংশ নেবে। তিনি আরও বলেন, দুই বছরের মধ্যে শিক্ষাবর্ষ সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবার শনিবারও পরীক্ষা রাখা হয়েছে, যাতে পরবর্তী শিক্ষাবর্ষের পরীক্ষার সময়সূচি আরও এগিয়ে আনা সম্ভব হয়। এ কারণে বিশেষ ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যাস্তের আগে শনিবার কোনো ধরনের লিখিত কাজ করা নিষিদ্ধ। সেই বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছরের মতো এবারো শিক্ষা বোর্ডের অনুমোদনে তাদের জন্য সূর্যাস্তের পর পৃথক ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা নেয়া হচ্ছে।