শেষ ওভারে দরকার ছিল ১৮ রান। হাতে ৭৩ রানে অপরাজিত নিগার সুলতানা জ্যোতিসহ ৫ উইকেট। কিন্তু ওই ওভারে ৩ উইকেট হারিয়ে বসায় রানটা আর তোলা গেলো না। নেদারল্যান্ডসের কাছে যে কোনো ফরম্যাটে প্রথম হারের তিক্ত স্বাদ নিতে হলো বাংলাদেশকে।
এডিনবরোতে টস জিতে আগে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান জ্যোতি। ওপেনার হিথার সিগার্সের ৫২ রানের ওপর ভর করে ৫ উইকেটে ১৬২ রান তোলে নেদারল্যান্ডস। বাংলাদেশের ফারিহা তৃষ্ণা ২টি এবং মারুফা আর রাবেয়া নেন ১টি করে উইকেট।
জবাব দিতে নেমে ১৩ রানে ২, ৫০ রানে ৩ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে জয়ের দিকে টেনে নিয়ে যান নিগার সুলতানা জ্যোতি। ৫১ বলে ৭৭ রানের ইনিংসের সফল সমাপ্তি টানতে পারেননি তিনি।
১২ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটা বাংলাদেশের জন্য ছিল প্রস্তুতি। কিন্তু স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের কাছে দুটি ম্যাচে হারলো জ্যোতিরা।