Image description

পেশির চোটের কারণে বিশ্বকাপে খেলা নিয়ে ছিল তুমুল সংশয়। কড়া হেড কোচ কার্লো আনচেলত্তির শতভাগ ফিটনেস নীতির মারপ্যাঁচে দল থেকে বাদ পড়ার একটা প্রচ্ছন্ন ভয়ও কাজ করছিল মনের কোণে। তবে সব শঙ্কা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডের জার্সি নম্বর প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। আর সেখানে প্রত্যাশিতভাবেই ব্রাজিলের সেই ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ‘১০ নম্বর’ জার্সিটি থাকছে নেইমার জুনিয়রের দখলে।

দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে নেইমার। এ সময়ে ১০ নম্বর জার্সি পরেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তিনি বলেছিলেন, নেইমার দলে ফিরলে তিনি জার্সি নম্বর ছেড়ে দেবেন। বাস্তবেও হলো তাই। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা ৩৪ বছর বয়সী মহাতারকার ওপরই পূর্ণ আস্থা রাখল ব্রাজিলিয়ান ফুটবল। ১০ নম্বর জার্সি নেইমারের জন্যই বরাদ্দ হলো।

 

গত কয়েক মাস ধরে ব্রাজিলের ফুটবল মহলে জোর গুঞ্জন ছিল, দলে তরুণদের জায়গা দিতে গিয়ে অভিজ্ঞ নেইমারকে হয়তো সাইডবেঞ্চে বসতে হতে পারে, কিংবা ছিটকে যেতে পারেন দল থেকেই। কোচিং স্টাফরা যখন তারুণ্য বনাম অভিজ্ঞতার পাল্লা মাপছিলেন, তখন সাময়িক এক ভয় চেপে বসেছিল নেইমারভক্তদের মনে। তবে সব নাটকীয়তা পেরিয়ে এই অভিজ্ঞ ফরোয়ার্ড কেবল দলেই টিকেননি, নিজের পছন্দের ১০ নম্বর জার্সিও ধরে রেখেছেন।

 

নেইমারের পাশাপাশি আনচেলত্তির বাকি সৈনিকদের জার্সি নম্বরও চূড়ান্ত হয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপ কাঁপানো মহাতারকা ভিনিসিয়ুস জুনিয়র এবার মাঠ মাতাবেন ব্রাজিলের বিখ্যাত ‘৭ নম্বর’ জার্সি গায়ে। মাঝমাঠ আগলে রাখার মূল দায়িত্ব যার কাঁধে, সেই অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো পাচ্ছেন ‘৫ নম্বর’ জার্সি। এদিকে গোলপোস্টের নিচে ব্রাজিলের এক নম্বর পজিশনটি কার, তা নিয়েও ধোঁয়াশা কেটে গেছে। অভিজ্ঞ আলিসন বেকারকে দেওয়া হয়েছে ‘১ নম্বর’ জার্সি। দ্বিতীয় ও তৃতীয় গোলরক্ষক হিসেবে ওয়েভারটন ১২ এবং এদেরসন পরবেন ২৩ নম্বর জার্সি।