Image description

জমকালো উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। তিন আয়োজক- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে আলাদা তিনটি উদ্বোধন অনুষ্ঠান। এখানেই শেষ নয়। বিশ্বমঞ্চের ফাইনালেও চমক উপহার দেবে ফিফা। ফুটবল মহাযজ্ঞের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে হবে সমাপনী অনুষ্ঠান।

 

ফুটবল অনুরাগীদের সুরের মূর্ছনায় ভাসিয়ে নিতে আয়োজন করা হবে সুপার বোল ধাঁচের জাঁকজমকপূর্ণ কনসার্ট। শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে আগামী ১৯ জুলাই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই অনুষ্ঠেয় ফাইনালে পারফর্ম করবেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা ও শাকিরা। গান পরিবেশনা করবে কে-পপ সেনসেশন বিটিএস। গতকাল ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা এমন অবাক করা খবর দিয়েছে ক্রীড়াপ্রেমীদের।

 

কালজয়ী ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে ২০১০ বিশ্বকাপ মাতানো কলম্বিয়ান গায়িকা শাকিরা এবার নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে মিলে নতুন গানটি গেয়েছেন। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিত্রায়িত গানটির শিরোনাম ‘দাই দাই’। বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক অনেক দিনের। ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপেও গান ও পারফরম্যান্সের মাধ্যমে দর্শক মাতিয়েছেন এই কিংবদন্তি সংগীত শিল্পী।

ফাইনালের সংগীতানুষ্ঠানের কিউরেটর হিসেবে থাকবেন কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। বিশ্বকাপের ফাইনালে এমন ‘হাফটাইম শো’ উপভোগ করা যাবে এবারই প্রথম। তবে এ অনুষ্ঠানের স্লটকে জায়গা করে দিতে ম্যাচে বিরতির নির্ধারিত সময় ঠিক কতটা বাড়বে, তা নিয়ে কিছুটা জানা যায়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত বছরের মার্চে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে এমন শো আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন, কতক্ষই বা চলবে এই শো, এ নিয়ে তখন কিছু স্পষ্ট করে বলেননি ইনফান্তিনো।

এই হাফটাইম শোয়ের আয় যাবে ফিফার ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ। এই ফান্ড রাইজিং প্রোগ্রামের লক্ষ্য বিশ্বকাপ থেকে বিশ্বজুড়ে শিশুদের সহায়তায় জন্য ১০ কোটি ডলারের তহবিল গঠন গড়া।

গতকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক পোস্টে ইনফান্তিনো বলেন, ‘বিশ্বকাপের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের উপযুক্ত এক আয়োজন হবে এটি।’

এছাড়া টুর্নামেন্টের শেষ সপ্তাহে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশেষ উৎসব আয়োজনের পরিকল্পনাও করেছে ফিফা। বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ১১ জুন। ফুটবলের বিশ্ব আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে। যৌথ আয়োজনের এ আসরে খেলবে ৪৮ দল। এত দলের বিশ্বকাপ হতে যাচ্ছে প্রথম।