Image description

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের নতুন আতঙ্ক ‘ধাক্কা পার্টি’। চক্রের কোনো সদস্য পথচারী কিংবা অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে জড়ান বাগিবতণ্ডায়। এরপর অন্য সদস্যরা অস্ত্রের মুখে সর্বস্ব লুট করে পালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার বিকাল ৫টা ৩৬ মিনিটে মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ের এক নম্বর গেটের প্রধান সড়কে শিকারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল চার যুবক। মিনিটখানেক পর অটোরিকশার গায়ে ধাক্কা খায় তাদের একজন। ঐ রিকশায় ছিলেন এক তরুণ। ধাক্কা থেকে বাগিবতণ্ডা। আরেক যুবক এসে রিকশা সাইড করতে বাধ্য করে। এরপর মিশনে যুক্ত হয় আরো দুজন। রিকশায় উঠে বসে এক চাপাতির মুখে ঐ তরুণের সঙ্গে থাকা দামি ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে একে একে পালিয়ে যায় ছিনতাইকারীরা। জানা যায়, চাঁন মিয়া হাউজিংয়ের চার রাস্তার ঐ মোড়ে এমন ধাক্কা বাহিনীর খপ্পরে সর্বস্ব হারাতে হচ্ছে পথচারীদের। এমন অভিনব ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।        

সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী চক্রকে ধাক্কা পার্টি বলছে পুলিশ। শিগিগরই চক্রের সদস্যরা আইনের আওতায় আনতে চান তারা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এডিসি মো. ফজলুল করিম বলেন,  হঠাত্ ধাক্কা দিয়ে পরে লোকজন এনে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনাটা মোহাম্মদপুরে প্রথম দেখলাম। এ বিষয়ে আমরা কাজ করছি। চক্রটা শিগিগরই ধরে ফেলব বলে আশা করি।