নিউজিল্যান্ডের বিপক্ষে আজ (শুক্রবার) সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে আসেন দলের শীর্ষ ব্যাটার সাইফ হাসান। ৫৭ রান করা এই বাংলাদেশি ওপেনার জানালেন, উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল।
সাইফ বলেন, ‘অবশ্যই, উন্নতি করার জায়গা আছে। কিন্তু উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল। আমরা যদি আরেকটু উন্নতি করতে পারি, অবশ্যই আমাদের দলের জন্য ভালো হবে। একটা ধারণা ছিল উইকেট কী রকম হতে পারে। কিন্তু আজকে একটু বেশিই অসমান ছিল। কিন্তু আমার মনে হয় অজুহাত দিয়ে আসলে বাঁচার কোনো উপায় নেই।’
উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারলে ভালো কিছু হতো মনে করেন তিনি, ‘পাকিস্তান সিরিজে তো আপনারা দেখেছেন ট্রু উইকেট ছিল। এখানেও উইকেট ভালো ছিল, এমন তো না একদম খারাপ ছিল। তবে আমার মনে হয় আমরা যদি একটু ভালো মতো মানিয়ে নিতে পারতাম! একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু অজুহাত দেওয়ার কিছু নেই।’
সাইফ আরও বলেন, ‘আমার মনে হয় উইকেটটা প্রথম থেকেই একটু চ্যালেঞ্জিং ছিল। তবে কিছু ভুল সময়ে আমাদের উইকেটগুলো পড়েছে। যেমন আমার উইকেটটা, আমি যদি আরেকটু এগিয়ে নিতে পারতাম, আরেকটু সহজ হতো। সেট ব্যাটারের জন্য একটু সহজ ছিল, নতুন ব্যাটারের জন্য একটু কঠিন ছিল। আমাদের মানিয়ে নিতে হবে।’