ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন, ইয়াসির মোহাম্মদ ফয়সাল—এরপর কে?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের পদত্যাগের হিড়িক দেখে দেশের ক্রিকেট অনুরাগীদের মনে হয়তো এমন প্রশ্নই জেগেছিল। প্রশ্নের উত্তর পেতে খুব বেশি দেরি হলো না।
সর্বশেষ ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করার দুই দিনের মধ্যে এবার সরে দাঁড়ালেন বিসিবির আরেক পরিচালক ফাইয়াজুর রহমান। সেটাও বোর্ড সভা শেষ হওয়ার পরপরই!
ফাইয়াজুর বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন।
আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিসিবির পরিচালনা পরিষদের সভায় উপস্থিত ছিলেন ফাইয়াজুর। দীর্ঘ সভার এক পর্যায়ে সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দিয়ে তিনি বোর্ড থেকে বেরিয়ে যান।
বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ ৬ মাসও হয়নি। এর আগেই একে একে পদত্যাগ করলেন চার পরিচালক।
অন্য তিনজনের মতো ফাইয়াজুরও তার পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। গত বছরের অক্টোবরে বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।