Image description

জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, সংসদীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সব দলের সম্মতিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের রূপরেখা তৈরি হলেও সরকার সেই প্রক্রিয়া পাশ কাটিয়ে একদলীয় সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। এনসিপির দাবি, এটি গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা এবং সংস্কার নস্যাতের চক্রান্ত।

আজ শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান দলের সদস্যসচিব আখতার হোসেন এমপি।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, সংসদীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সব দলের সম্মতিতে একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের রূপরেখা তৈরি হয়েছিল। কিন্তু সরকার সেই প্রক্রিয়া পাশ কাটিয়ে একদলীয় প্রক্রিয়ায় সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে, যা গণভোটের রায়ের সঙ্গে চরম প্রতারণা ও সংস্কার নস্যাতের চক্রান্ত।

এ সময় গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একই সঙ্গে ওই কমিটিতে এনসিপি অংশ নেবে না বলেও স্পষ্ট করেন তিনি। এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান দলটির এই নেতা।

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা।

দলটির নেতারা মনে করেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের রায় ও রাজনৈতিক দলগুলোর মধ্যে হওয়া ঐকমত্যকে গুরুত্ব দেওয়া জরুরি। তাদের মতে, সংবিধান সংস্কারের প্রক্রিয়া এককভাবে পরিচালিত হলে এ বিষয়ে রাজনৈতিক সমঝোতা ও সংস্কারের লক্ষ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বিদ্যমান কমিটি বাতিল করে আলোচনার ভিত্তিতে নির্ধারিত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানাচ্ছে দলটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।