Image description

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাবন্দি থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈ ক্য চিং মারমাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এনসিপি কেন্দ্রীয় দপ্তরের পক্ষে সাদিয়া ফারজানা দিবা সাক্ষরিত এক পত্রে সংগঠনের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, এনসিপির কেন্দ্রীয় সভাপতি নাহিদ ইসলাম ও সাধারণ সম্পাদক আখতার হোসেনের নির্দেশে শৈ ক্য চিং মারমার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযুক্ত শৈ ক্য চিং মারমাকে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন এনসিপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তার কারণ দর্শাতে নোটিশ প্রাপ্তির দুই কর্মদিবসের সময় দেওয়া হয়েছে।

বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ রিসোর্টে এনে মারমা নারী ধর্ষণের অভিযোগে গতকাল শুক্রবার রাতে বান্দরবান সদর থানার পুলিশ শৈ ক্য চিং মারমাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে।

বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, শনিবার বিকেলে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।