ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারেক রহমান তালাক বন্ধ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, ‘একটা সময় কিছু হলেই স্বামীরা তালাক দিত। কিন্তু এখন ফ্যামিলি কার্ড আছে। তাই তালাক দেওয়া বন্ধ হয়ে গেছে।’
শনিবার বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, দেশের প্রত্যেক নাগরিক দক্ষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে। কেউ বেকার থাকবে না।
বিদ্যুৎ ঘাটতি নিয়ে চিফ হুইপ বলেন, হাসিনা আদানির সঙ্গে যে চুক্তি করছে, সেই টাকায় দেশে পাঁচটি বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করা যেত।
জুলাই আন্দোলনে স্নাইপার ব্যবহার নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা স্নাইপার নিয়ে এসেছিল দেশের মানুষ মারার জন্য এবং সেটাই করেছে।
তেলের দাম বৃদ্ধি নিয়ে উদাহরণ দিয়ে নুরুল ইসলাম মনি বলেন, বিশ্বের ৮৫ দেশে একসঙ্গে তেলের দাম বাড়িয়েছে, কিন্তু তারেক রহমান বাড়াননি।
তিনি বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া ঋণের টাকা তারেক রহমান ইতোমধ্যেই দুইশ পাঁচ কোটি ডলার পরিশোধ করেছেন। কিছু মানুষ সরকারকে সংকটে ফেলানোর জন্য কৃত্রিমভাবে তেলের সংকট তৈরি করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে।
এরপর চিফ হুইপ বরগুনার ডিসি পার্ক এলাকার খাল খনন উদ্বোধন করেন এবং বরগুনা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।