Image description

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি অভিযোগ করেছেন, ছাত্রদলের নেতাকর্মীরাই এ হামলা চালিয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে ঝিনাইদহে জুম্মার নামাজ শেষে এ হামলার ঘটনা ঘটে। পরে বিকাল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুম্মার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে।’ 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুম্মার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পরপরই নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা লোকজনের ওপর একদল যুবক লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন হামলাকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর বর্তমানে থানায় অবস্থান করছেন তিনি। এছাড়া, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।