আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা কম হওয়ার আভাস ছিল, শেষ পর্যন্ত নিরুত্তাপ নির্বাচনই হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা তাহেরুল হক চৌহান জানিয়েছেন, ক্যাটাগরি-১ এ ১৪টি, ক্যাটাগরি-২ এ ১৮টি এবং ক্যাটাগরি-৩ এ একটি মনোনয়ন ফরম জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে ২৩ মে প্রকাশ করা হবে বৈধ প্রার্থীদের তালিকা।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। তবে এবার ১৯২ জন কাউন্সিলরের বিপরীতে জমা পড়েছে ১৮৪টি কাউন্সিলরশিপ। কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থাসহ কয়েকটি প্রতিষ্ঠান কাউন্সিলরশিপ জমা দেয়নি। ফলে এবার ১৮৪ জন কাউন্সিলর ভোট দেবেন।
ক্যাটাগরি-১ এ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর ৬৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১০ পরিচালক। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং রাজশাহী, বরিশাল, রংপুর ও সিলেট বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার কথা।
এই ক্যাটাগরিতে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একক প্রার্থী থাকায় তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তারা হলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আহমেদ এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী।
অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে তিনজন করে এবং বরিশালে দুজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ফলে এসব বিভাগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্যাটাগরি-২ এ ঢাকা মহানগরের ক্লাব প্রতিনিধিদের মধ্য থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটাগরিতে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচন কমিশন এখনও প্রার্থীদের নাম প্রকাশ করেনি।
ক্যাটাগরি-৩ এ সাবেক ক্রিকেটার, অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের মধ্য থেকে একজন পরিচালক নির্বাচিত হন। এ ক্যাটাগরিতে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। ফলে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ মনোনয়নপত্র তুললেও শেষ পর্যন্ত জমা দেননি। এ বিষয়ে তাহেরুল হক চৌহান জানান, সংবিধান অনুযায়ী বিদ্যুৎ পরিচালক পদে নির্বাচনের যোগ্য নন। খেলোয়াড় কল্যাণ সংস্থার প্রতিনিধি হিসেবে তিনি কাউন্সিলর থাকতে পারলেও পরিচালক পদে নির্বাচন করতে পারবেন না।
তাহেরুল হক চৌহান বলেন, ‘পরে আমরা কনস্টিটিউশন পড়ে দেখলাম, তিনি ক্যাটাগরি-থ্রিতে কোয়ালিফাই করেন না। কনস্টিটিউশন অনুযায়ী তিনি কাউন্সিলর থাকতে পারবেন, কিন্তু পরিচালক হওয়ার যোগ্যতা তার নেই।’
ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করবে আরও দুই পরিচালক। পরে ২৫ জন পরিচালক মিলে নির্বাচিত করবেন বিসিবির পরবর্তী সভাপতি।