Image description

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোনো দলের কেউ না। তিনি হয়তো সর্মথক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ অধিবেশনে বিরোধী দলের নেতা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিএনপির লোক দাবি করে বলেন, যে প্রক্রিয়ায় এই নিয়োগ হয়েছে তাতে গণতন্ত্র খর্ব হয়েছে।

এর জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোনো দলের ব্যক্তি নন। তিনি একটা দলের সমর্থক হতেই পারে। কিন্তু তার যদি যোগ্যতা থাকে, তার অ্যাপয়েন্টমেন্টের অসুবিধাটা কোথায়? আপনি কথাটা বলছেন যে, ‘দ্যা প্রুফ অফ দ্যা পুডিং ইজ ইন ইটিং’। সো লেট আস ওয়েট অ্যান্ড সি। দ্যা প্রুফ অফ দ্যা পুডিং ইজ ইন ইটিং। লেট আস ওয়েট অ্যান্ড সি তার পারফরম্যান্স। তিনি যদি কোনো দলীয় কিছু এইভাবে আপনারা লক্ষ্য করেন যে কোনোভাবে প্রভাবিত হয়েছে তখন আপনি বলতে পারবেন।

তিনি আরও বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন ফিন্যান্সিয়াল সেক্টরে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। উনি সিদ্ধান্ত দিয়েছেন। কোনো সরকার বাংলাদেশে এই সিদ্ধান্ত দেয়নি, বিগত দিনের ইতিহাস নেই বাংলাদেশে।