নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াত জোট মনোনীত সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে হামলার শিকার এমপি।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা জামায়াতের নায়েবে আমিরসহ সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা চালানো হয়। এ সময় মসজিদের মুসল্লিদের সহযোগিতায় হামলা থেকে রক্ষা পান সংসদ সদস্য মাসুম মোস্তফা। পরে এমপির গাড়ি ভাঙচুর করে অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা। অবরুদ্ধ অবস্থায় ৯৯৯-এ কল দিলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাদের উদ্ধার করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিন জাহানের গাড়িতে সংসদ সদস্য মাছুম মোস্তফাকে উপজেলা জামায়াতের অফিসে পৌঁছে দেন।
হামলার শিকার এমপি মাসুম মোস্তাফা বলেন, আমি একটি মাদ্রাসায় উদ্বোধন কার্যক্রম শেষ করে গিরিপথ ফিলিং স্টেশনে আসি। সেখানে গাড়ি রেখে নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজরত অবস্থায় চিৎকার ও গাড়ি ভাঙচুরের শব্দ শুনতে পায়। একপর্যায়ে বিএনপির শতাধিক লোক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে মসজিদে হামলা চালায়।
তিনি আরও বলেন, মুসল্লিরা দরজা বন্ধ করে আমাকে রক্ষা করেন। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ও সেনাবাহিনী এসে আমাদের উদ্ধার করে। একজন সংসদ সদস্য হয়েও নিজের জীবনের নিরাপত্তা নেই। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা সেটা বলে বোঝানো সম্ভব নয়।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, কিছু দুষ্কৃতিকারী লোক এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। তারা এ বিষয়ে অভিযোগ দিলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।