বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হতে যাওয়া কমিটিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তার নাম ঘিরে সংগঠন জুড়ে তৈরি হয়েছে জোর আলোচনা ও মূল্যায়নের নানা সমীকরণ। চলতি বছরে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তার (সিসিএফ) দায়িত্বেও ছিলেন এই তরুণ ছাত্রনেতা।
যশোর অঞ্চলে জন্ম নেওয়া তরিকুল ইসলাম তারিকের বেড়ে ওঠা সাধারণ পরিবেশে। শিক্ষাজীবনের প্রাথমিক ধাপ শেষ করে তিনি ভর্তি হন যশোর ক্যান্টনমেন্ট কলেজে। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। তারিকের রাজনৈতিক যাত্রা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরেই। বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। হল রাজনীতিতে নেতৃত্বের সক্ষমতা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে দ্রুত আলোচনায় নিয়ে আসে।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান। কেন্দ্রীয় পর্যায়ে এসে তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, কর্মী সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর নজিরও রয়েছে তার। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেন তিনি। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ভর্তি ব্যয় বহন করেছেন বলে জানা গেছে।
এসব কর্মকাণ্ড বিবেচনায় ২০২৪ সালের মার্চে নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার পর জুনে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এর ধারাবাহিকতায় নতুন নেতৃত্বের আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকটি নাম, যার মধ্যে তরিকুল ইসলাম তারিক অন্যতম।