Image description

সিলেটে সংরক্ষিত আসনে এমপি হতে আলোচনায় এক ডজন নারী নেত্রী। তাদের অনেকেই গত সংসদ নির্বাচনে এমপি হওয়ার দৌড়ে মাঠে ছিলেন। ভোটের মাঠে তাদের নিয়ে ছিল তুমুল আলোচনা। তবে দলীয় মনোনয়ন পাননি তারা। 
পরে তারা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করেন। দলীয় মনোনয়ন প্রাপ্তিকে সামনে রেখে তাদের ঘিরে আলোচনা এখন তুঙ্গে। সংরক্ষিত আসনের জন্য সিলেটে দু’টি সংসদীয় আসন রয়েছে। দু’টি আসনে বিএনপি থেকে দু’জনকে মনোনয়ন দেয়া হতে পারে। এ কারণে আলোচনায় থাকা নারী নেত্রীরা বিভিন্নভাবে দলের হাইকমান্ডের মনোযোগ আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন। তুলে ধরছেন বিগত দিনে দলের প্রতি নিজেদের ভূমিকাও।

এ ছাড়া পারিবারিক ব্যাকগ্রাউন্ডেও অনেকেই প্রার্থী হওয়ার প্রতিযোগিতায় রয়েছেন। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তারের বাড়ি হবিগঞ্জে। কেন্দ্রে রাজনীতি করার সুবাদে তার পরিচিতি রয়েছে। বিগত দিনে আন্দোলনে তিনি মাঠে ছিলেন। সংরক্ষিত আসনে তার নাম জোরেশোরেই চাউর হচ্ছে। রেজিনা ইসলাম নাসের হচ্ছেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি। বিএনপি’র কেন্দ্রীয় নেতা নাসের রহমান এমপি’র স্ত্রী। বিগত সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের পক্ষে মৌলভীবাজারে ভূমিকা রাখেন। বনেদি পরিবারের পুত্রবধূ হিসেবে জেলার নারী সমাজের উন্নয়নসহ সামাজিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবার তাকে ঘিরে নিজ জেলা মৌলভীবাজারে আলোচনা তুঙ্গে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী পিতার মৃত্যুর পর থেকে মাঠে রয়েছেন। বিগত সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে প্রার্থী হওয়া নিয়ে তিনি আলোচনায় ছিলেন। তার পিতার ১৭ বছরের নির্বাসিত ও দলের জন্য নিবেদিত থাকার বিষয়টি সবার জানা। ঢাকার মিডিয়ায় বিএনপি’র কর্মী হিসেবে টকশোতে অংশ নিয়ে তিনি পরিচিতি লাভ করেছেন। অবহেলিত সিলেট-৫ আসনে এবার বিএনপি জোটের প্রার্থী জয়লাভ করতে পারেননি। উন্নয়ন ভারসাম্য বজায় রাখতে ওই এলাকায় বাড়ি ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর দিকে তাকিয়ে আছেন এলাকার মানুষ। মহিলা দল নেত্রী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ সিলেটের পরিচিত মুখ। কয়েক বারের কাউন্সিলর হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে তার অভিজ্ঞতা রয়েছে।

সিলেটের সাবেক এমপি মরহুম ড. সৈয়দ মকবুল হোসেনের (লেচু মিয়া) কন্যা সৈয়দা আদিবা হোসেন বিগত সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ছিলেন আলোচনায়। ভোটের মাঠে সক্রিয় থেকে দলের কাছে নমিনেশন চেয়েও পাননি। তবে ধানের শীষের বিজয়ের জন্য তিনি মাঠে সক্রিয় ছিলেন। যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি। সিলেট-৬ আসনে সাধারণ নির্বাচনেও তাকে ঘিরে আলোচনা সরব ছিল।

মনোনয়নবঞ্চিত হওয়ার পর তিনিও দলের পক্ষে মাঠে কাজ করেন। লন্ডনে রয়েছে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা। গণ-অভ্যুত্থানের পর থেকে সংরক্ষিত আসনে মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামিনা চৌধুরীকে নিয়ে আলোচনা চলছে। দলের চরম দুর্দিনে মহিলা দলের হয়ে সিলেট নগরে আন্দোলন সংগ্রামে সরব ছিলেন। নারীদের নিয়ে চরম দুঃসময়ে মাঠে নামেন তিনি। সংরক্ষিত আসনে সিলেটে তাকে ঘিরেও আলোচনা চলছে। বিএনপি’র কেন্দ্রীয় সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নীও তাকিয়ে আছেন কেন্দ্রের দিকে। সিলেটের রাজনীতি ও আইন অঙ্গনের এ পরিচিত মুখ মুন্নী দলের নিবেদিতপ্রাণ কর্মী। অনেক আগে থেকেই রয়েছেন মাঠে। সংরক্ষিত নারী আসনে আলোচনায় তিনি।

সিলেটের নিখোঁজ সাবেক ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না। সিলেটের সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের স্ত্রী জেবুন্নাহার সেলিম ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের সহধর্মিণী সালমা নজিরের নামও রয়েছে আলোচনায়।