বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের মন্ত্রী ও এমপিদের কথা শুনলে মনে হয় বাংলাদেশে তেলের ওপর ভাসছে। তাদের কথা শুনলে মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, তরল সোনার নহর বয়ে যাচ্ছে।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা যখন সংসদে জ্বালানি সংকট আর জনগণকে নিয়ে কথা তুলি আমাদের নোটিশটা আলোচনায় আসতেই দেওয়া হয় না। তাদের ভয় জনগণের কাছে সত্য প্রকাশ পেয়ে যাবে।
তিনি বলেন, পাম্পগুলোতে হাজার হাজার গাড়ি এবং মোটরসাইকেলের লাইন। সরকারদলীয় মন্ত্রীরা বলেন—আগের চাইতে তেলের রিজার্ভ অনেক, তবে চাহিদা বেড়ে গেছে।
শফিকুর রহমান বলেন, সংসদের ভিতরে জাতির কপাল নিয়ে কেউ যাতে ডাকাতি বা ছিনিমিনি করতে না পারে সেজন্য আমরা পাহারা দেব। আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না এবং অন্যায়ের ব্যাপারে ছাড় দেব না।
তিনি বলেন, ৫৪ বছরে দফায় দফায় যে ফ্যাসিবাদ বাংলাদেশকে এগিয়ে যেতে দেয়নি সেই ফ্যাসিবাদকে ২৪-এর বিপ্লবীরা বঙ্গোপসাগরে নালায়-নর্দমায় ছুড়ে ফেলে দিয়েছে। এখন সেই নর্দমা থেকে এটাকে কারা তুলে আনতে চায় মনে রাখা দরকার।
জামায়াত আমির বলেন, এই প্রজন্ম যখন জেগে উঠে তখন মাসের পর মাস, বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। ওদের চিৎকারই ফ্যাসিবাদের কলিজায় কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনও তাদের অবস্থান স্পষ্ট। আমরাও তাদের সঙ্গে আছি।
তিনি বলেন, মদ জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে—এটা আমরা চাই। আমাদের এই জেন-জিরা একজনকে সরিয়ে আরেকজনকে বসানোর জন্য আন্দোলন করেনি। তারা ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য যুদ্ধ করেনি, লড়াই করেনি।
গণভোটের বিষয়ে শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে হাইজ্যাক করা হয়েছে, ডাকাতি করা হয়েছে। জনগণকে অপমান করা হয়েছে। এই সংসদ মানুক আর না মানুক—গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়ব ইনশাল্লাহ।