প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিএনপি। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এ কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, আব্দুল মাবুদ মাহবুব, বিএনপি নেতা মুর্শিদুল আলম মুন্না, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, সেকান্দার বাদশা, আরিফুল ইসলাম মারুফ এবং সাবেক ভিপি আব্দুর রউফ প্রমুখ।
বিএনপি নেতা এমএ হাশেম রাজু বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে বিকৃতিকারী এবং ওয়ান ইলেভেনের কুশীলব কর্নেল (অব.) অলি আহমদকে আগামীকাল রোববার থেকে চন্দনাইশ ও সাতকানিয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আনোয়ারা ও পটিয়া হয়ে চন্দনাইশ অভিমুখে প্রবেশের সব রাস্তা অলি আহমদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এসময় তিনি স্বাধীনতার সঠিক ইতিহাস রক্ষা এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীরা রাজপথে তৎপর থাকবেন বলে জানান।