কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চাঁদাবাজির অভিযোগ তোলার পর ছাত্রদলের এক কর্মীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার এর বিরুদ্ধে।
ভুক্তভোগী ছাত্রদল কর্মী ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হৃদয় আহমেদ শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রাঙ্গণে এ হুমকি দেয়ার অভিযোগ করেন।
অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে কোটবাড়ির বার্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম আসছেন জানতে পেরে ছাত্রদলের কয়েকজন নেতা সেখানে উপস্থিত হন। হৃদয় আহমেদ সেলফি তোলার সময় আবুল বাশার তাকে প্রশ্ন করেন, কেন এ অনুষ্ঠানে এসেছে। পরে হৃদয় আহমেদ আবুল বাশারের বিরুদ্ধে ‘আদুভাই হয়ে বিভিন্ন দপ্তরে ঘুরে চাঁদাবাজি করার’ অভিযোগ তুললে বাশার ক্ষিপ্ত হয়ে নিজেকে ভবিষ্যৎ সভাপতি পরিচয় দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেন।
ভুক্তভোগী হৃদয় আহমেদ বলেন,“আজকে বার্ডে ঢাবি ভিসির একটি প্রোগ্রামে আমি যাই। সেখানে তিনি আমাকে কেন গিয়েছি বলে শাসিয়েছেন। আমি হাসতে হাসতে বলি, আপনি আদুভাই হয়ে বিভিন্ন দপ্তরে ঘুরাঘুরি করে চাঁদাবাজি করেন। তখন তিনি আমাকে মেরে ফেলার হুমকি দেন এবং নিজেকে ভবিষ্যৎ সভাপতি হিসেবে পরিচয় দেন। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী আবুল বাশার। তিনি বলেন,“আমি এরকম কোনো কথা কাউকে বলিনি। যিনি অভিযোগ করেছেন, তাকে বলেছি থানায় মামলা করতে।”
শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন,“আমি এখনো এ বিষয়ে কিছু জানি না। এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নতুন যারা আছে তারা রাজনীতি করবে, এবং দলের দুঃসময়ে যারা ছিল তারাও রাজনীতি করবে। তবে সিনিয়রদের প্রতি সম্মান রেখে রাজনীতি করার আহ্বান জানানো হবে।”
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “আমি এ বিষয়ে এখনো জানি না, খোঁজ খবর নেব।”