জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, তারা সংবিধানের কথা বলছে—আমরাও বলি, দেশ পরিচালনার জন্য সংবিধান প্রয়োজন। কিন্তু সেই সংবিধান ৭২-এর মুজিববাদী সংবিধান নয়, শেখ হাসিনার সংবিধান নয়, কিংবা কোনো একটি দলের সংবিধান নয়। সংবিধান হতে হবে জনগণের সবার।
আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
সরকারকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তন চান না, এ কারণেই গণভোট চান না। কিন্তু মনে রাখবেন, সংসদে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু যদি বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ রাজপথে নেমে আসে, তাহলে সেই জনতাকে অমান্য করে টিকে থাকা সম্ভব নয়।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ভোটের আগে তারা কখনোই গণভোটের বিপক্ষে অবস্থান নেয়নি। অথচ ভোটের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস করছে। জনগণ গণভোটের মাধ্যমে রাষ্ট্র কাঠামোয় যে পরিবর্তন চেয়েছে, আজ দুই-তৃতীয়াংশ ক্ষমতার জোরে সেটিকে অস্বীকার করার অপচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আমরা যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলছি, এটি নতুন কোনো বিষয় নয়। মধ্যস্থ কমিশনে ৩০টির বেশি রাজনৈতিক দল একমত হয়ে সংবিধানের টেকসই পরিবর্তনের লক্ষ্যে সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছিল। সেই সংস্কারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে সকল রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছিল।