Image description

বরিশালের বানারীপাড়া উপজেলায় দীর্ঘ ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানোর কয়েক ঘণ্টার মধ্যে খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ছবি ভাইরাল হওয়ার পর উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। তবে ফেসবুকের ছবিতে যারা জাতীয় পতাকা উত্তোলন ও ছবি সাঁটিয়েছেন তাদের কোনো ছবি নেই।

 

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে আওয়ামী লীগের কর্মীরা কার্যালয়ের সার্টার ও জানালার গ্রিলের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনার ছবি সাঁটিয়ে (টাঙিয়ে) দিয়ে চলে যায়। বেলা ১১টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা পতাকা ও ছবি দুটি সেখান থেকে উধাও করে ফেলেছে। ঘটনা প্রত্যক্ষ করলেও আওয়ামী লীগ কার্যালয়ের সামনের ও পাশের ব্যবসায়ীরা এ বিষয়ে কিছু বলতে চাননি।

 

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এমন একটি ঘটনা আমিও শুনেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে ছবি তোলা শেষে তারাই আবার হয়তো জাতীয় পতাকা ও ছবিগুলো খুলে নিয়ে গেছে। পুরো ঘটনা তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

 
 

 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দিন বিকেলে বিক্ষুব্ধরা বানারীপাড়া পৌরশহরের ফেরিঘাটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সেই থেকে বিধ্বস্ত দলীয় কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।