Image description

সুপার এইটের হিসাব-নিকাশ যখন জটিল থেকে জটিলতর, ঠিক তখনই নাটকীয় এক জয়ে ম্যাচ নিজেদের করে নিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শুধু নিজেদের সেমিফাইনাল নিশ্চিতই করেনি, পাকিস্তানের সম্ভাবনাও বাঁচিয়ে রাখল ইংলিশরা।

 

১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ২ রানে দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার ফিরলে চাপে পড়ে দুইবারের চ্যাম্পিয়নরা। এরপর জ্যাকব বেথেল ও অধিনায়ক হ্যারি ব্রুক ৪৮ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন। কিন্তু গ্লেন ফিলিপস ব্রুককে (২৬) ফিরিয়ে জুটি ভাঙেন, আর পরের ওভারে রাচিন রবীন্দ্রের বলে বেথেল (২১) আউট হলে স্কোর দাঁড়ায় ৫৮/৪।

 

টম ব্যান্টন ও স্যাম কারান পঞ্চম উইকেটে ৪২ রান যোগ করে ম্যাচে ফেরার চেষ্টা করেন। ব্যান্টন ৩৩ ও কারান ২৪ রান করে বিদায় নিলে ইংল্যান্ড ১১৭/৬—তখনও প্রয়োজন ৪৩ রান।

 

শেষ ছয় ওভারে সমীকরণ দাঁড়িয়েছিল ৬৩ রান। রাচিন রবীন্দ্র বল হাতে এসে প্রথমে কারান, পরে সেট ব্যাটার ব্যান্টনকে ফিরিয়ে ম্যাচ প্রায় নিউজিল্যান্ডের দিকে ঠেলে দেন। শেষ তিন ওভারে দরকার ৪৩—প্রেমাদাসার উইকেটে যা মোটেও সহজ নয়।

 

 

কিন্তু সেখানেই দৃঢ়তা দেখান উইল জ্যাকস ও রেহান আহমেদ। গ্লেন ফিলিপসের এক ওভারেই বদলে যায় ম্যাচের গতি। রেহান ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকান, জ্যাকস মারেন একটি ছক্কা ও দুটি চার—ওভার থেকে আসে ২২ রান। পরের ওভারে অধিনায়ক মিচেল স্যান্টনারের কাছ থেকেও আসে ১৬ রান। ফলে শেষ ওভারে দরকার ছিল মাত্র ৫। প্রথম তিন বলেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন তারা।

 

মাত্র ১৬ বলে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ ছিনিয়ে নেন জ্যাকস ও রেহান। জ্যাকস অপরাজিত ৩২ (১৮ বল) আর রেহান ১৯ (৭ বল)—তাদের ঝড়ে তিন বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

 

এর আগে টস জিতে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ১৫৯/৭। টিম সেইফার্ট (৩৫) ও ফিন অ্যালেন (২৯) ৬৪ রানের জুটি গড়ে ভালো সূচনা আনেন। তবে আদিল রশিদের ব্রেকথ্রুতে ছন্দ ভাঙে। মাঝের দিকে ফিলিপস ২৮ বলে ৩৯ রান করলেও নিয়মিত উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়া হয়নি। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ, রেহান আহমেদ ও উইল জ্যাকস দুটি করে উইকেট নেন।

 

এই ফলেই সুপার এইটের অঙ্ক আরও রোমাঞ্চকর হয়ে উঠল। ইংল্যান্ড জায়গা পাকা করেছে শেষ চারে, আর পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন পুরোপুরি নিভে যায়নি—যদিও শেষ ম্যাচের আগে ‘যদি-কিন্তু’র হিসেব এখনো মিলাতে হবে মেন ইন গ্রিনদের।