নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।
একই সময়ে হযরত আলী নামে আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে এ মামলার পাঁচ আসামির গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ নিয়ে কিশোরী হত্যা মামলার ৯ আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণের শিকার তরুণীকে পরিকল্পিতভাবে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহত কিশোরীর মা মাধবদী থানায় মামলা করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, ১৫ দিন আগে নূরার নেতৃত্বে কয়েকজন মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করেন। বুধবার ভুক্তভুগীর বাবা মেয়েটিকে নিয়ে খালার বাড়িতে যাচ্ছিলেন। পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে পাঁচ যুবক বাবার কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যান। বৃহস্পতিবার সকালে সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।