ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ। এর আগে ২৬ মার্চ শুরুর প্রাথমিক পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত দুই দিন পিছিয়ে নতুন সূচি নির্ধারণ করেছে আয়োজকরা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে।
ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ২৬ মার্চ শুরুর সম্ভাব্য তারিখ জানানো হয়েছিল। তবে অভ্যন্তরীণ আলোচনার পর বোর্ড সূচিতে পরিবর্তন আনে। আগামী সপ্তাহে আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে বসে পূর্ণাঙ্গ সূচি প্রকাশের রূপরেখা চূড়ান্ত করবে।
চলতি বছরে আসাম, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ এখনো ঘোষণা হয়নি। ফলে চূড়ান্ত সূচি প্রকাশে দেরি হচ্ছে।
এর আগে ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে জাতীয় বা রাজ্য নির্বাচনের সময় আইপিএলের সূচি দুই ধাপে প্রকাশ করা হয়েছিল। এবারও একই মডেল অনুসরণ করা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।
২০২৬ আসরের উদ্বোধনী ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে তাদের হোম ভেন্যু নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
গত জুনে বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে শিরোপা উদ্যাপনের সময় পদদলিত হয়ে ১১ সমর্থকের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ইস্যু সামনে আসে। এরপর থেকেই কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা চলছে—আরসিবির সাতটি হোম ম্যাচ বেঙ্গালুরুতেই হবে, নাকি বিকল্প ভেন্যুতে সরানো হবে।
বিকল্প হিসেবে মুম্বাই, রায়পুর ও পুনের নাম বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।