Image description
 

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) জারি করা এ বিজ্ঞপ্তিতে মহানগরবাসীকে আটটি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

এসএমপি জানায়, বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ-২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পুলিশ কমিশনার এ নির্দেশনা জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান উপলক্ষে ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে ২১ ফেব্রুয়ারি থেকে ঈদুল ফিতর পর্যন্ত তৈরি পোশাক ও বিপণি বিতানের দোকান বন্ধ রাখার পূর্বনির্ধারিত সময়সূচি প্রত্যাহার করা হয়েছে।

 

নগরীর প্রধান সড়ক ও মার্কেটের সামনে ফুটপাত ফকারমুক্ত রাখতে হবে। কোনো মার্কেট বা দোকানের সামনে ফকারদের উপস্থিতি দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হলে পুলিশ কল সেন্টার (০১৩২০৯৯১১৯৪২) নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ জানানো হয়েছে। নগদ অর্থ বহনের ক্ষেত্রে নিরাপত্তা সহায়তার জন্য জিডি অ্যাপ ব্যবহার অথবা কল সেন্টারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

ইফতারের পর থেকে তারাবির সময় পর্যন্ত উচ্ছৃঙ্খল গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মসজিদের মাইকে অতিরিক্ত শব্দ সৃষ্টি করে জনউপদ্রব না করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া দলবদ্ধভাবে চলাফেরা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাঙ্গামা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের সন্ধ্যার পর অযথা ঘোরাফেরা না করার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

গণস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসএমপির পুলিশ কমিশনার (বিপিএম) আব্দুল কুদ্দুস চৌধুরী।