টুডে ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আজ দেশত্যাগ করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।
আজ সোমবার সকাল ৭টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এরকম দাবি করে লিখেন, “অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা আজ ১৬ ফেব্রুয়ারি দেশত্যাগ করতে পারেন বলে তাঁদের ঘনিষ্ঠ মহল বরাতে জানা গেছে। তাদের একজন আজ দুপুর ১২.৫০ এর চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজনের সন্ধ্যা ৬.৪৫ এর এমিরেইটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ব্যতিত এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেয়া উচিত হবেনা।”
তবে বিডিটুডের অনুসন্ধানে দেখা গেছে দাবিটি পুরোপুরি মিথ্যা।
সায়ের তার পোস্টে উল্লেখ করেছেন একজন উপদেষ্টা ১২:৫০ এর চায়না ইস্টার্নের ফ্লাইটে দেশত্যাগ করবেন। তবে বিশ্বব্যাপী নির্ভরযোগ্য রিয়েল-টাইম বিমান ট্র্যাকিং পরিষেবা প্রতিষ্ঠান ফ্লাইট রাডারের তথ্যমতে দুপুর ১২:৫০ এ ঢাকা থেকে চায়না ইস্টার্নের কোন ফ্লাইটই ছিলো না। ওই সময় ঢাকা থেকে চীনের গোয়াংজুর উদ্দেশ্যে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটের শিডিউল ছিল।
ফ্লাইটটি দুপুর ১টা বেজে ৮মিনিটে ঢাকা ছাড়ে। শাহজালাল বিমানবন্দর সূত্র থেকে প্রাপ্ত চায়না সাউদার্ন এয়ারলাইনসের ওই ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা সংগ্রহ করেছে বিডিটুডে। সেখানে কোন উপদেষ্টার নাম খুঁজে পাওয়া যায়নি। এছাড়া কয়েকটি গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কতৃপক্ষের সাথে যোগাযোগ করেও ওই ফ্লাইটে কোন উপদেষ্টার দেশত্যাগের তথ্য পাওয়া যায়নি।
সাংবাদিক সায়ের তার পোস্টে দাবি করেন আরেক উপদেষ্টা ৬টা ৪৫ এ এমিরেটসের ফ্লাইটে দেশত্যাগ করবেন। ফ্লাইট রাডারের ওয়েবসাইটে দেখা যায় ৬:৪৫ এমিরেটসের EK587 নম্বর ফ্লাইটটি ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ফ্লাইটটিরও সকল যাত্রীর নামের তালিকা সংগ্রহ করেছে বিডিটুডে। যাত্রীদের নামের তালিকায় সরকারের কোন উপদেষ্টা কিংবা উপদেষ্টা মর্যাদার কোন কর্মকর্তার নাম খুঁজে পাওয়া যায়নি। যাত্রীদের নামের তালিকা দেখুন এখানে।
সাংবাদিক জুলকারনাইন সায়ের বর্তমানে আল-জাজিরার অনুসন্ধানী আই ইউনিটে প্রযোজক হিসেবে কর্মরত রয়েছেন। তার বিভিন্ন বক্তব্য অতীতে ভুল প্রমাণিত হয়েছে এবং একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে তিনি কাজ করেন বলে বিতর্ক রয়েছে।
file:///C:/Users/User/Desktop/BDT/CamScanner%2002-16-2026%2013.05.pdf